ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দেওয়ানি আদালত পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. জাবিদ হোসেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিচারপতিদ্বয় নবীনগর এসে আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
বিচারপতিদ্বয়ের গাড়ি বহর নবীনগর আদালত প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, এএসপি (সার্কেল) পিয়াস বসাক এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল ইসলামসহ আদালতের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের অভ্যর্থনা জানান।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল বিচারপতিদ্বয়কে গার্ড অব অনার প্রদান করেন। আদালতে তাদের উপস্থিততে বিচারপ্রার্থী, আইনজীবী, আইনজীবী সহকারী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আদালত পরিদর্শনকালে বিচারপতিদ্বয় নবীনগর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মিজানুর রহমান এবং বাঞ্ছারামপুর চৌকি আদালতের জজ আনন্দ পালের এজলাসে বিচারকার্য পরিচালনা প্রত্যক্ষ করেন। তারা আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া ও আইনজীবীদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি উপস্থিত বিচার প্রার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন।
এ সময় আদালতে আসা বড়িকান্দি গ্রামের মো. শাহজাহান মিয়া (৬০) বলেন, ‘জীবনে প্রথম দেখলাম নবীনগরে দুইজন বিচারপতি এসে আদালতের হালচাল দেখলেন। এটি আমাদের জন্য আনন্দের ও স্মরণীয় একটি ঘটনা।’
বিচারপতিগণ আদালত প্রাঙ্গন, বার লাইব্রেরি এবং বিজ্ঞ আইনজীবীগণের চেম্বার পরিদর্শন করেন। বার লাইব্রেরি পরিদর্শনের সময় বারের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান আদালতে আইনজীবীগণের বসার জন্য টেবিল, কম্পিউটার এবং ফটোকপি মেশিন সরবরাহের দাবি করেন।
পরিদর্শনের ফলে বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা-আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দীর্ঘদিন যাবত বিচার প্রক্রিয়ার অপেক্ষায় থাকা সাধারণ মানুষ আরও সহজে ও দ্রুত সময়ে ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী।
কেকে/এআই