নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য আধুনিক, পরিচ্ছন্ন ও মানসম্মত ক্যান্টিন স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলেজ চত্বরে ছাত্রদলের ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদোয়ানুর রহমান রওনক, সাধারণ সম্পাদক সজিব হোসেন, সিনিয়র সহসভাপতি সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান রাব্বিসহ ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভে বক্তারা বলেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করলেও মানসম্মত ও নির্দিষ্ট কোনো ক্যান্টিন নেই। ফলে দুপুরের খাবার, টিফিন ও বিশুদ্ধ পানির জন্য দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের কলেজের বাইরে যেতে হয়। এতে মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাইরের অস্বাস্থ্যকর খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে ছাত্রীদের জন্য বিষয়টি অস্বস্তিকর এবং নিরাপত্তার দিক থেকেও উদ্বেগজনক।
তারা আরও বলেন, ক্যাম্পাসে সুলভ মূল্যে পরিচ্ছন্ন ক্যান্টিন চালু হলে শিক্ষার্থীরা স্বাস্থ্যকর খাবার পাবেন এবং পড়াশোনার পরিবেশ আরও স্বস্তিদায়ক হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের এ যৌক্তিক দাবি মেনে নিয়ে দ্রুত আধুনিক ক্যান্টিন স্থাপনের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদোয়ানুর রহমান রওনক বলেন, ‘আমাদের কলেজে ২০ হাজার শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে তিন হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করেছি।’
তিনি আরও বলেন, ‘ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সুখে-দুঃখে তাঁদের পাশে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের গণস্বাক্ষরসহ আমরা অধ্যক্ষের কাছে এ যৌক্তিক দাবি পেশ করেছি। আশা করি, কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দ্রুত ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা নেবে।’
নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের দাবিতে আজ শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এ বিষয়ে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করা হবে।’
কেকে/সাশ