জয়পুরহাটের পাঁচবিবিতে নিখোঁজের একদিন পর মো. সাখাওয়াত হোসেন (২৭) নামে এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা ব্রিজসংলগ্ন একটি চায়ের দোকানের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাখাওয়াত হোসেন আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের জীবিকা নির্বাহের জন্য অসুস্থ ভাইয়ের ব্যাটারিচালিত অটোভ্যান চালাতেন সাখাওয়াত। প্রতিদিনের মতো মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। তবে গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
বুধবার সকালে উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে একটি চায়ের দোকানের পেছনে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম. সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, অসুস্থ ভাইয়ের অটোভ্যান চালিয়ে সংসারের খরচ জোগাতেন সাখাওয়াত। মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে সাখাওয়াতকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কেকে/সাশ