মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৫০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা এবং পুলিশকে জখম করা ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক অপু ওই গ্রামের জালাল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হরিশপুর গ্রামে মাদক কেনাবেচার খবর পেয়ে শালিখা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। একপর্যায়ে এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে এএসআই রাকিবুলকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পুলিশের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান হামলাকারী হিসেবে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম জানান, অভিযানে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শালিখা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেকে/সাশ