যশোরের ঝিকরগাছায় ২ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মো. শামীম বাবু (২১) নামে যুবককে গ্রেপ্তার করেছে নাভারন হাইওয়ে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে যায়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে বেনাপোল-যশোর মহাসড়কের নাভারন পুরাতন বাজারসংলগ্ন নাভারন ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নাভারন হাইওয়ে থানার ইনচার্জ এসআই মো. কেরামত আলী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে জরুরি মোবাইল ডিউটি পালন করছিলেন। এ সময় নাভারন থেকে যশোরগামী একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। তখন মোটরসাইকেলের এক আরোহী নেমে দৌড়ে পালিয়ে যান। অন্য আরোহী শামীম বাবুকে ধাওয়া করে আটক করেন পুলিশ সদস্যরা।
পরে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার শামীম বাবু যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মো. সোহেল রানার ছেলে।
নাভারন হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদক ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলাটির নম্বর ১৪; তারিখ ১৪ অক্টোবর ২০২৬। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/সাশ