পণ্যের গুণগত মান ও সঠিক ওজন নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখার মাধ্যমে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।
তিনি বলেন, টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবাসহ সব ক্ষেত্রে নির্ধারিত মান অনুসরণ করা জরুরি।
বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ৫৭তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’।
বিভাগীয় কমিশনার বলেন, কেনাবেচা ও লেনদেনে ওজন ও পরিমাপে কারচুপি না করা এবং সবার অধিকার নিশ্চিত করা ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। একইভাবে দারিদ্র্য বিমোচন ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে খাদ্যের অপচয় রোধ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি উল্লেখ করেন, ইঁদুর ও পোকামাকড়ের কারণে উৎপাদিত খাদ্যের ১৫ থেকে ২০ শতাংশ নষ্ট হয়। এ ছাড়া রান্না ও খাবার পরিবেশনের সময়ও প্রায় ১০ শতাংশ খাদ্য অপচয় হয়। বিশেষ করে বড় অনুষ্ঠানে প্রয়োজনের চেয়ে বেশি খাবার নেওয়ার প্রবণতা পরিহার করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মো. ইউসুফ আলী বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, তাদের প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জনেও মনোযোগী হতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসকের পরামর্শ ছাড়া অপ্রয়োজনীয় ওষুধ সেবন থেকে বিরত থাকা এবং নগর এলাকায় কার্যকর পয়োনিষ্কাশন, অগ্নিনিরাপত্তা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও প্রয়োজন।
রপ্তানিপণ্যের মান নিয়ে অসাধু কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সাময়িক লাভের আশায় নিম্নমানের পণ্য রপ্তানি বা মানের সঙ্গে আপস করলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এর নেতিবাচক প্রভাব পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের ওপর পড়তে পারে। তাই ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নিয়মিত তদারকি এবং আইন প্রয়োগ আরও জোরদার করা প্রয়োজন।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ডা. মো. রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী।
আলোচনা সভার আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
কেকে/সাশ