রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ কোডিনযুক্ত ফেনসিডিল ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টায় নগরীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ২০৬ বোতল কোডিনযুক্ত ফেনসিডিল, মাদক বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. শাহিন (৩০), সে নগরীর মতিহার থানার দাশমারী কাশেমের মোড়ের বাসিন্দা। বর্তমানে কাটাখালী থানার চর খিদিরপুর এলাকায় বসবাস করে। অপর আরেকজন হলেন মো. ফারজেম ওরফে ফজা, সে কাটাখালীর শ্যামপুর শান্তিনগর এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সদরদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন বিভিন্ন উপায়ে ফেনসিডিল সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা পরস্পর রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা করে বলেও জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
কেকে/এআই