ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হাছিব ভুট্টসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কেকে/সাশ