রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি কালভার্টের নিচে জমে থাকা পানি থেকে আক্তারুজ্জামান সুমন (৪৭) নামের ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ১৩ নম্বর গোপালপুর ইউনিয়নের বগের মারী পাথার এলাকার শঠিবাড়ী-বালুয়া মাসিমপুর সড়কের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্টের নিচে পানিতে গলা থেকে পা পর্যন্ত ডুবন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে মিঠাপুকুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আক্তারুজ্জামান সুমন মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হরিপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত লাল মিয়া।
মৃত্যুর কারণ নিয়ে নিহতের পরিবারের সদস্যরা জমিজমা সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের সঙ্গে মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কেকে/এআই