৪৫তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (১৪ অক্টোবর) রাতে মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০২৬-এর নবম গ্রেডে ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগদান করতে বলা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ২৬ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৮০৭ জন উত্তীর্ণ হন।
২০২৫ সালের ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। এর আগে একই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ১৯ মে। এ পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে ১ হাজার ২২ জন নিয়োগ দেওয়ার কথা ছিল।
এই বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগের পরিকল্পনা ছিল স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন মিলিয়ে এ ক্যাডারে ৫৩৯ জন নেওয়ার কথা ছিল। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, কাস্টমস ক্যাডারে ৫৪ জন এবং প্রশাসন ক্যাডারে ২৭৪ জন নিয়োগের কথা জানিয়েছিল পিএসসি।
কেকে/ এমএস