সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ৭৭ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তার প্রথম জানাজা এবং মুন্সিগঞ্জে দ্বিতীয় জানাজার আয়োজনের প্রস্তুতি চলছে।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই।
১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন তিনি। পরের বছর, ১৯৭৯ সালে, প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল হাই পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/ এমএস