খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি বলেছেন, খেলাধুলার মাধ্যমে প্রতিভাবান ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বাড়াবেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মাইক্রোটেক্স ডিজাইন’-এর সৌজন্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পায়রা উড়িয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন চিফ হুইপ। বক্তব্যে তিনি বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন। স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক হবে। ক্রীড়াঙ্গনের বিকাশ ও সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
ফাইনাল ম্যাচ ঘিরে বামনা ও আশপাশের এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক দর্শক। ফাইনালে মুখোমুখি হয় পিরোজপুরের নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব ও ডৌয়াতলা সদর একাডেমি।
নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ডৌয়াতলা সদর একাডেমিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিরোজপুরের নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব। রানার্সআপ হয় ডৌয়াতলা সদর একাডেমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোটেক্স ডিজাইনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. রুহুল আমিন শরীফ। উদ্বোধনী অনুষ্ঠানে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ মিলন কৃষ্ণ হালদার চিফ হুইপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান, বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন, বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, চিফ হুইপের একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম তৌহিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজক ও স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখবে।
কেকে/সাশ