বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
এনসিপির জেলা সদস্যসচিব সুলতান মাহমুদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিন যুবককে কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দিতে দেখা গেছে। আরেকজন মুঠোফোনে পুরো ঘটনা ধারণ করেন। রাতের অন্ধকারে তাদের মুখ স্পষ্টভাবে বোঝা যায়নি।
তিনি বলেন, সকালে কার্যালয়ে এসে অগ্নিসংযোগের বিষয়টি জানতে পেরে প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। পাশাপাশি দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এনসিপির এই নেতা ঘটনার জন্য পতিত সরকারের সহযোগীদের দায়ী করে সন্দেহ প্রকাশ করলেও নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। তিনি বলেন, ‘তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সামনে আসবে বলে তারা আশা করছেন।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এনসিপির পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি।’
কেকে/সাশ