বান্দরবানের লামা উপজেলার হৃদরোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও সুলভ করতে এক নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে কাঙ্ক্ষিত ইকো-কার্ডিওগ্রাফি সেবা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে এ সেবার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসাবেক উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সোলাইমান।
এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক সূত্রে জানা যায়, সেবাটি চালু করতে সরকারি বরাদ্দের ওপর নির্ভর না করে স্থানীয় পর্যায় থেকেই অর্থায়ন ও কারিগরি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা পরিষদ, সাবেক ইউএনও মো. মঈন উদ্দিন এবং স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের ব্যক্তিগত অর্থায়ন ও সমন্বিত প্রচেষ্টায় এ প্রযুক্তিগত সুবিধাটি যুক্ত হলো।
এতদিন পর্যন্ত লামা, বমুবিলছড়ি এবং পার্শ্ববর্তী আলীকদম উপজেলার হৃদরোগীদের সামান্য ইকো-কার্ডিওগ্রাম টেস্ট করানোর জন্যও বান্দরবান জেলা সদরে অথবা চট্টগ্রাম ও কক্সবাজারের মতো বড় শহরে যেতে হতো। এতে করে রোগীদের যেমন সময় ও যাতায়াতের ভোগান্তি পোহাতে হতো, তেমনি গুণতে হতো মোটা অঙ্কের অর্থ। নতুন এ ব্যবস্থার ফলে স্থানীয় রোগীরা এখন থেকে নিজ এলাকাতেই অত্যন্ত কম খরচে দ্রুত হৃদরোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাদিম জানান, চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন এম্বুলেন্স সহ ভবিষ্যতে এলাকার প্রান্তিক জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের আরও আধুনিক যন্ত্রপাতি সংযোজনের পরিকল্পনা রয়েছে।
কেকে/ এমএস