বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। পূজা সারা বাংলাদেশের মানুষের উৎসব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে পূজামণ্ডপে ডিও প্রদান এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, দুর্গোৎসবকে বর্ণিল ও আনন্দময় করতে বর্তমান সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। পূজার উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কেউ কোনো ধরনের সমস্যা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। এ বিষয়ে সরকারের পাশাপাশি দলের পক্ষ থেকেও নির্দেশনা রয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ