শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
বিনোদন
বাগেরহাট থিয়েটারের ৪৯ বছরে পদার্পণ, ঢাকায় পুঁথি পাঠ ও নাটক ‘ফান্দে পড়িয়া’ মঞ্চস্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘নাটক হোক শোষণমুক্তির হাতিয়ার’ স্লোগানকে ধারণ করে বাগেরহাট থিয়েটারের ৪৮ বছর পূর্তি ও ৪৯ বছরে পদার্পণ উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর ও নাটক ‘ফান্দে পড়িয়া’র মঞ্চায়ন।

বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেগুনবাগিচাস্থ স্টুডিও থিয়েটার মিলনায়তনে বাগেরহাট থিয়েটার ঢাকা ইউনিটের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ শ্রুতিনাটকও সম্প্রচারিত হয় বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। রাত ১০টায় হোম ও এফএম চ্যানেলে নাটকটির দলগত পরিবেশনা সম্প্রচার করা হয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার ও অভিনেতা শেখ নজরুল ইসলামের নেতৃত্বে ৪৮ বছর আগে প্রতিষ্ঠিত হয় বাগেরহাট থিয়েটার। প্রতিষ্ঠালগ্ন থেকেই নাটককে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করে নাট্যচর্চা ও সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা রেখে চলেছে সংগঠনটি। দক্ষিণাঞ্চলের নাট্যাঙ্গনের অন্যতম ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান দীর্ঘ পথপরিক্রমায় নানা প্রতিকূলতা ও সময়ের পরিবর্তন অতিক্রম করে সৃজনশীল কার্যক্রম অব্যাহত রেখেছে।

মঞ্চনাটকের মাধ্যমে সমাজের অসংগতি, বৈষম্য ও শোষণের চিত্র তুলে ধরা, মানুষের অধিকারবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির চর্চা ছড়িয়ে দেওয়া প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

বাগেরহাট থিয়েটার ঢাকা ইউনিটের আমন্ত্রণে অনুষ্ঠানে পরিবেশিত হয় বাংলার ঐতিহ্যবাহী ‘পুঁথি পাঠের আসর’। শব্দকল্পদ্রুমের শিশু-কিশোর শিক্ষার্থী ও আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ পর্বে পাঠ করা হয় কবি মারুফুল ইসলামের ‘একুশের পুঁথি’ ও ‘স্বাধীনতার পুঁথি’, কবি কালের লিখনের ‘মাতৃভাষার পুঁথি’, কবি ফয়জুল আলম পাপ্পুর ‘মুক্তিযুদ্ধের পুঁথি’, রুকসানা মিলির ‘ঋতুর পুঁথি’ এবং কবি তামান্না সারোয়ার নীপারের ‘ষড়ঋতুর পুঁথি’।

এ ছাড়া দীনেশচন্দ্র সেন সংকলিত মৈমনসিংহ গীতিকার দ্বিজ কানাই রচিত ‘মহুয়ার পালা’ ও ‘কমলাসুন্দরীর গাঁথা’র অংশবিশেষ এবং কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ‘রাস্তার কবিতা’ পাঠ করা হয়।

পুঁথি পাঠে অংশ নেন ফাওজিয়া আনজুম ইলানা, কাজী আরিশা আফসান, অর্নিশ ঢালি আভীর, ওয়াজিহা আনজুম লিয়ানা, আদিবা হোসেন, আয়াত হাসান মোহর, মেহরিমা নওমী, নুওয়াইরাহ রশিদ ঋদ্ধি, কৃতিকা জোয়াদ্দার, সৌপ্তিক প্রনম রায় কাব্য, পিদিম বিনতে শাহিন, পারমিতা মাহবুব আরিশা, প্রত্যাশা বিনতে শাহিন, ইউসরা অনুভা, মিমহা বিনতে মনির, হীরা আক্তার, ফারহানা মিতু, নিলুফা ইয়াসমিন নীলা, তুষার কান্তি রায়, লায়লা আক্তার, লুনা আফরোজা ও নাজমুল আহসান। অনুষ্ঠানটির পরিচালনা ও নির্দেশনায় ছিলেন নাজমুল আহসান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হয় সুবিনয় দাসের লেখা নাটক ‘ফান্দে পড়িয়া’। নাটকটির নবনাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তাবেদার ই রসুল চান্নু।

নাটকটিতে অভিনয় করেন এইচ এম আল মামুন, অপু আহমেদ, তকদির আবিদ পনি, আখতারুজ্জামান ঝুলন, রহমাতুল করিম, ফাহিমা তাজরিন আভিজা ও তাবেদার ই রসুল চান্নু। নাটকটির প্রযোজনায় রয়েছে বাগেরহাট থিয়েটার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাগেরহাট থিয়েটার ভবনে সংগঠনটির উদ্যোগে স্মৃতিচারণ, শ্রুতিনাটক, আবৃত্তি ও আড্ডার আয়োজন করা হয়েছে।

বাগেরহাট থিয়েটারের ৪৮ বছরের গৌরবময় পথচলা ও ৪৯ বছরে পদার্পণ উপলক্ষে এ আয়োজন বাংলার লোকঐতিহ্য, আবৃত্তিচর্চা ও মঞ্চনাটকের সম্মিলনে সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করার একটি প্রয়াস।

কেকে/এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close