প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর সামনে রেখে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন মাদ্রাসা মাঠে প্রস্তুতিমূলক কাজ চলছে। মাঠ পরিষ্কার, দেয়াল রং, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাঠ পরিদর্শনে গিয়ে তিনি মঞ্চ নির্মাণসহ প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাসিক প্রশাসক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের সিদ্ধান্তে তিনি কৃতজ্ঞ। তার আগমনকে ঘিরে নগরবাসীর মধ্যে আগ্রহ রয়েছে। সফরটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
মাহফুজুর রহমান রিটন জানান, সফর উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সড়ক বিভাজকের আইল্যান্ড রং করা, প্রয়োজনীয় সড়ক সংস্কার এবং নগরীর পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে বিকেল ৩টায় মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। সেখানে আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ করার কথা রয়েছে।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ