দেশের প্রেক্ষাগৃহগুলোতেও শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার ষষ্ঠীর উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এবার পূজার ছুটিকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে চার চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো ঢালিউডে পূজার আমেজকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ।
জানা গেছে, পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চার চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘চিরকুট’, ‘কাট-পিস’, ‘স্নেহের বন্ধন’ ও ‘অন্যপাতা’। চারটি সিনেমার মধ্যে তিনটি সিনেমাই প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে। অন্যদিকে পূজার আমেজ ধরে রাখতেই আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অন্যপাতা’।
চার চারটি ভিন্ন পটভূমির গল্প নিয়ে নির্মিত হয়েছে চারটি সিনেমা। আসুন এক নজরে সিনেমাগুলো সম্পর্কে জেনে নিই-
চিরকুট :
মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’র গল্প নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তারুণ্য, প্রেম, বন্ধুত্ব ও ক্যাম্পাস জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরবে।
সিনেমাটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আবদুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজন প্রমুখ।
কাট-পিস :
নির্মাতা ইফফাত জাহান পরিচালিত রাজধানীর মিরপুরের ঝুটপট্টির গার্মেন্টসের পরিত্যক্ত বা উদ্বৃত্ত কাপড়কে ঘিরে গড়ে ওঠা ব্যবসাকে কেন্দ্র করে এগিয়েছে ‘কাট-পিস’-এর গল্প।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন ও নানজীবা তোরসা। খল চরিত্রে আছেন ইমরান আহমেদ সওদাগর। আরও রয়েছেন এলিনা শাম্মী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট ও সামি দোহা।
স্নেহের বন্ধন :
কামরুজ্জামান পরিচালিত অ্যাকশন আর রহস্যে ভরা সিনেমা ‘স্নেহের বন্ধন’। পারিবারিক সম্পর্কের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি। সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও জয় চৌধুরী। আরও রয়েছেন সাবেরী আলম, সুব্রত বড়ুয়া, রাশেদা চৌধুরী ও কাজী হায়াৎ।
অন্যপাতা :
শিক্ষার্থীদের স্বপ্ন ও সংগ্রামের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘অন্যপাতা’। গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান। এসজেএ প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক অংকন দে, সামস আবতাহী ইসমাম ও মো. শাহেজাহান।
এক ঘণ্টা ৪০ মিনিটের এ সিনেমায় রয়েছে মৌলিক ৬টি গান। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। পার্শ্বচরিত্রে রয়েছেন মোহাম্মদ ইফতিখার। এটি আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে রিলিজ হবে।
অংকন দে অনিমেষ ও সামস আবতাহী ইসমাম ছবিটি নিয়ে খুবই আশাবাদী। তারা বলেন, ‘অন্যপাতার গল্প খুবই চেনা, কিন্তু এর এক্সপেরিয়েন্সটা বাংলাদেশে বেশ অচেনা। আমাদের মতো জেনজিদের ভাষার ছাপ আছে, তবে সব বয়সের মানুষের কাছেই এই ফ্রেশ, সরল, মিষ্টি গল্পটা ভালো লাগবে।’
কেকে/এমএ