ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন, পরিচ্ছন্নতা বজায় রাখা ও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুর ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে যান তারেক রহমান। ক্যাম্পাসে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘কেবল সরকারের একক প্রচেষ্টায় দেশকে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও পুরোপুরি বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সার্বিক ও সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের নিজেদের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি সর্বস্তরে সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘তোমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?’
তিনি উল্লেখ করেন, তরুণদের এই সংহত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আনা সম্ভব–তা এরইমধ্যে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তবে কেবল আন্দোলনের মধ্যেই দায়িত্ব সীমায়িত রাখলে চলবে না। নতুন করে দেশ গঠন ও এক সুবিন্যস্ত সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তরুণদের একইভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
ঢাকার বায়ুদূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানীর বাতাস ক্রমেই দূষিত হয়ে পড়ছে। এর ফলে শিশু ও কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলা এবং শহরের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অভিযানের বিকল্প নেই।’
‘সরকার এরইমধ্যে দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগ নিয়েছে। কিন্তু তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসব উদ্যোগ পুরোপুরি সফল করা সম্ভব নয়।’
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুইটি আবেদন– দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।’
কেকে/এমএ