ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৭ অক্টোবর) সকালে আসামীদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে ধামরাই থানাধীন পূর্ব কায়েতপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। এর মধ্যে স্বামীর বিরুদ্ধে আগের ১০টি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধামরাইয়ের পূর্ব কায়েতপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মো. আক্তার হোসেন (৩৮) ও তার স্ত্রী চায়না আক্তার ওরফে বৃষ্টি (৩০)।
ডিবি পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দম্পতিকে ১০০ পুড়িয়া হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হেরোইনের ওজন ১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আক্তার হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগের ১০টি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শনিবার তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
কেকে/এআই