খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি ৭.৬২ মিমি সাবমেশিনগান (এসএমজি), ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সীমান্তবর্তী কচুছড়িমুখ পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি নিয়মিত টহলদল এ অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে টহলদলটি রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে সীমান্তবর্তী পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০-১২ জনের একটি সন্দেহভাজন দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখে।
বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে দলটি পালানোর চেষ্টা করে। পরে টহলদল ধাওয়া করলে সন্দেহভাজন ব্যক্তিরা পাশের পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গোলাবারুদ ও মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং অবৈধ অস্ত্র-গোলাবারুদ পাচারসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/এআই