গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো গাজীপুরের শ্রীপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন দলটির অঙ্গসংগঠন যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে পৌর শহরের প্রধান সড়কে এ মিছিল করেন ১০-১৫ জন নেতাকর্মী।
শ্রীপুর পৌর যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম ওয়াশিমের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ব্যানার ও শেখ হাসিনার ছবি দেখা যায়। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কয়েকজন নেতা। সেখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকারও করতে শোনা যায় তাদের।
ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ভাষ্য, শ্রীপুর মডেল থানা কাছাকাছি এলাকায় অবস্থিত হলেও সেখানে এমন মিছিলের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজার দায়িত্ব পালনের কারণে ওই সড়কে পুলিশের উপস্থিতিতে সাময়িক ঘাটতি ছিল। এ সুযোগে যুবলীগের কিছু নেতাকর্মী একত্র হয়ে অল্প সময়ের জন্য মিছিল করেন। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্তের চেষ্টা চলছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের তৎপরতা বুঝতে পেরে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আগেই সেখান থেকে চলে যান।’
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে অনুসন্ধান করে জড়িত ব্যক্তিদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এআই