বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জেলা শহরের শিশু পার্ক সংলগ্ন শৈক্যচিং মার্মার নিজ মালিকানাধীন ‘সাইনি রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্যানুযায়ী, ভুক্তভোগী ওই তরুণী শহরের জমজম গলি এলাকার বাসিন্দা। শৈক্যচিং মার্মা তাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই রিসোর্টে নিয়ে যেতেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবারও তাকে সাইনি রিসোর্টে নিয়ে ধর্ষণ করেন শৈক্যচিং মার্মা।
ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে ভুক্তভোগীর চেঁচামেচির শব্দ শুনে পাশের শিশু পার্কের দর্শনার্থী ও পথচারীরা বাইরে জড়ো হন। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে আটক করে।
মো. মাসুদ বলেন, ‘এই ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরর্বতী আইনগত কার্যক্রম চলছে।’
কেকে/এমএ