চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে এক স্কুলশিক্ষককে অপহরণ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অপহৃত শিক্ষককে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সাতকানিয়া থানার কেরানীরহাট এলাকায় অভিযান চালিয়ে পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বরূপ কান্তি দাশকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মো. রফিক উদ্দিন (৫৩) ও নেজাম উদ্দিন (৪৮)।
পুলিশ জানায়, রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পদুয়া বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে স্বরূপ কান্তি দাশকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তার মোবাইল ফোন ব্যবহার করে স্ত্রী জেলী চৌধুরীর কাছে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
একপর্যায়ে মুক্তিপণের অঙ্ক কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করে শিক্ষকের স্ত্রীকে সাতকানিয়ার কেরানীরহাট এলাকায় যেতে বলা হয়। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষকের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় একটি ছুরি, একটি গামছা, পাঁচ লাখ টাকার একটি চেক ও তিনটি কার্টিজ পেপার জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা আগে ওই শিক্ষকের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে তাঁকে অপহরণের পরিকল্পনা করেন এবং সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে তা বাস্তবায়ন করেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিক্ষককে উদ্ধার ও ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেকে/সাশ