ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফয়সল আমীন। এর আগে আসনটি থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান। বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় গত ১ অক্টোবর আসনটি শূন্য হয়েছিল।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ শেষে দুই সংসদ সদস্য নির্ধারিত শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ