মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত নেশাজাতীয় পদার্থ স্প্রে করে এক ব্যবসায়ীর ৭৬ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে শহরের কালিঘাট রোডের একটি টেলিকম দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হয়েছেন সোহাগ টেলিকমের স্বত্বাধিকারী সোহাগ আহমদ।
সোমবার দুপুরে দুই ব্যক্তি দোকানে এসে নিজেদের বাহরাইন প্রবাসী পরিচয় দেন। দেশে নতুন ফেরায় বাংলাদেশি টাকা ভালোভাবে চিনতে পারছেন না বলে জানান তাঁরা। এরপর টাকা দেখার কথা বলে কৌশলে দোকানির সঙ্গে কথা বলতে থাকেন।
ব্যবসায়ী সোহাগ আহমদের অভিযোগ, এ সময় প্রতারকরা বিশেষ ধরনের রাসায়নিক বা নেশাজাতীয় পদার্থ স্প্রে করে তাকে অবশ কিংবা বিভ্রান্ত করে ফেলেন। একপর্যায়ে দোকানের ক্যাশ বাক্স থেকে ৭৬ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যান তারা।
ঘটনার পর দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। ফুটেজে তাদের ছবি ও চলাফেরার দৃশ্য পাওয়া গেছে।
সন্দেহভাজন ব্যক্তিদের সন্ধান পেতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন সোহাগ আহমদ। তাদের কাউকে কোথাও দেখে থাকলে বা কোনো তথ্য জানা থাকলে ০১৬২২-৭৭৮৫৮৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।
কেকে/সাশ