মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      
আন্তর্জাতিক
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে ‘সব বিলে ভেটো’ দেবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তাদের পাঠানো সব বিলে ভেটো দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারালে নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি নিউইয়র্ক পোস্টের সাংবাদিক মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস চলে গেলে কীভাবে পরিস্থিতি সামাল দেবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তাহলে হয়তো আমাকে মিস্টার ভেটো হতে হবে। আমি তাদের দেশকে ধ্বংস করতে দেব না।’

ট্রাম্প জানান, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেস থেকে কোনো বিল তাঁর কাছে পাঠানো হলে তিনি তাতে ভেটো দেবেন। এভাবে এক-দুই মাস ধরে একের পর এক বিলে ভেটো দিলে শেষ পর্যন্ত সময় নষ্টের বিষয়টি বুঝতে পেরে ডেমোক্র্যাটরা সমঝোতার জন্য তাঁর সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হবেন বলে মনে করেন তিনি।

তবে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন বলে আশাবাদী ট্রাম্প। তিনি বলেন, নির্বাচনে রিপাবলিকানরা ভালো করবে বলে তাঁর বিশ্বাস। তবে সংখ্যাগরিষ্ঠতা হারালে সব বিলে ভেটো দেবেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত মাত্র দুবার ভেটো ক্ষমতা প্রয়োগের নজির রয়েছে। এর আগে প্রথম মেয়াদে তিনি ১০টি বিলে ভেটো দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট কংগ্রেসে পাস হওয়া কোনো বিলে ভেটো দিতে পারেন। তবে প্রেসিডেন্টের ভেটো উপেক্ষা করে বিলটি আইনে পরিণত করতে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

সাক্ষাৎকারে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘সুযোগ থাকলে আবারও নির্বাচনে দাঁড়াতে চাই। তবে সংবিধানের ভাষা বেশ সুনির্দিষ্ট।’

যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটি এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে।

বর্তমানে প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের। এই কক্ষের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের তিনটি আসনে জয় পাওয়া প্রয়োজন। অন্যদিকে, কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখাই এখন রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ।


সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মধ্যবর্তী নির্বাচন   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close