নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের উৎপাদন খরচ কমাতে কীটনাশকের ব্যবহার ছাড়াই আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেড। উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে বিষমুক্ত আলু উৎপাদনের সম্ভাবনা তুলে ধরছে প্রতিষ্ঠানটি।
এ লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নুনুজ বাজারে এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেডের আয়োজনে এবং ডিলার প্রতিষ্ঠান আব্দুল হাকিম ট্রেডার্সের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। তিনি বলেন, অধিক ফলনের আশায় জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। মাটির পুষ্টি চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার ব্যবহার করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ না করে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন হতে হবে।
প্রধান আলোচক এ আর মালিক সীডস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক বলেন, ১৯৬৯ সাল থেকে প্রতিষ্ঠানটি কৃষকদের সঙ্গে কাজ করছে। বিষমুক্ত আলু উৎপাদনের লক্ষ্যে নিজস্ব প্রকল্পের আওতায় ইতোমধ্যে পাঁচ শতাধিক কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের সরবরাহ করা কয়েকটি জাতের বীজ আলুতে রোগবালাইয়ের আক্রমণ না থাকায় কীটনাশক স্প্রে করার প্রয়োজন হয় না বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, নেদারল্যান্ডসের এগ্রিকো কোম্পানি থেকে আমদানি করা বিভিন্ন জাতের পাশাপাশি ‘এলুয়েট’ জাতের আলুও কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। সঠিক পরিচর্যা ও পরিমিত সার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ জাতের আলু চাষে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ভালো ফলন পাওয়া সম্ভব। কৃষকের লাভ নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ করাই তাঁদের লক্ষ্য।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুনুর রশিদ মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগের পরামর্শ দেন। তিনি বলেন, রোগবালাই শনাক্ত না করে জমিতে অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করা উচিত নয়। এ ক্ষেত্রে সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, এ আর মালিক সীডসের বিজনেস ম্যানেজার আবিদ রহমান, সহকারী ব্যবস্থাপক মুছা আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল ইসলাম, শরিফুল ইসলাম ও রুবেল হোসেন এবং প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ তুষার আহমেদসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
কেকে/সাশ