‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের রামপালে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মাসুদুর রহমান (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসিরুদ্দিন হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রাফট ইনস্টিটিউট ও যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোহানুর রহমান।
সেমিনারে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, মোবাইল ফোন ও ডিজিটাল গেমে আসক্তি, মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের কুফল, মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
এ ছাড়া মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং আদর্শ সমাজ গঠনে তরুণ প্রজন্মের দায়িত্ব ও কর্তব্যের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, অনলাইন জুয়া ও ক্ষতিকর ডিজিটাল আসক্তি থেকে দূরে থেকে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কেকে/ এমএস