বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ হবে ডিসেম্বরের মধ্যে      ● শ্রমিক অসন্তোষের মধ্যে ৪ ঘণ্টা এগিয়ে শুরু মজুরি বোর্ডের সভা      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বাসন থানার সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪      ● বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী      ● দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে গতি আনার নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
সাভারে পোশাক শ্রমিকদের সংঘর্ষে ওসি-সাংবাদিকসহ আহত ২০
মো. শরিফ শেখ, সাভার (ঢাকা)
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৪:০৬ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ৪:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাভার মডেল থানার ওসিসহ অন্তত ৭ পুলিশ সদস্য, ৩ সাংবাদিক ও শ্রমিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে ওসির ব্যবহৃত পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন দুর্বৃত্তরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, আন্দোলনকারী শ্রমিকদের কালো তালিকাভুক্ত না করা এবং আটক সহকর্মীদের মুক্তির দাবিতে টানা পঞ্চম দিনের মতো মহাসড়ক অবরোধ করেন তারা।

সকাল থেকেই হেমায়েতপুর ও উলাইল এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা দলে দলে মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। উদ্ভূত পরিস্থিতিতে সকাল থেকেই ওই এলাকার ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সকাল ১০টার দিকে হেমায়েতপুরের স্ট্যান্ডার গ্রুপের সামনে অবস্থান নেওয়া শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পদ্মার মোড় এলাকায় উত্তেজিত শ্রমিকরা সাভার মডেল থানার ওসি সাইফুল আলমের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তারা পুলিশকে সহযোগিতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি উদ্ধার তৎপরতা চালান।

অন্যদিকে, সাভারের উলাইল এলাকায় আল-মুসলিম গ্রুপের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। জবাবে পুলিশ টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের কারণে ওই এলাকায় প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ওসি সাইফুল আলমসহ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন ৭১ টেলিভিশনের রাইয়ান বিন আমিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল এবং স্টার নিউজের সোহান সিরাজি। ভিডিও ফুটেজ সংগ্রহের সময় শ্রমিকরা তাদের ওপর হামলা চালান বলে জানা গেছে। এবং নিউজ ২৪ টেলিভিশনের সাংবাদিক নাজমুল হুদা লাইভ টেলিকাস্ট করার সময় তার উপরে অতর্কিত হামলা হয়। 

এদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে সাভারের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলে ঢাকা-আরিচা মহাসড়কে পুনরায় যান চলাচল শুরু হয়। তবে শ্রমিকদের আন্দোলনকে ঘিরে শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পোশাক শ্রমিক   সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close