দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে রিডিং রুম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় এ রিডিং রুমের উদ্বোধন করেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল এর হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান ও শহীদ আবরার ফাহাদ হলের হল সুপার প্রফেসর ড. আবুল কালামসহ শিক্ষক এবং শিক্ষার্থীরা।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষে শিক্ষার্থীদের জন্য রিডিং রুমের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। আশাকরি, এ হলের শিক্ষার্থীরা আজ থেকে অধ্যয়নের বিশেষ সুবিধা পাবে। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আমরা সার্বক্ষণিক সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, সুন্দর পরিবেশে প্রত্যেকে যাতে পড়াশোনা করতে পারে তার জন্য পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এখানে কোন বিভেদ ও বৈষম্য করা যাবে না। সর্বোপরি রিডিং রুমের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে আসবাবপত্রসহ সকল সম্পদের রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়ার ক্ষেত্রেও তোমাদেরকে সজাগ থাকতে হবে।
কেকে/ এমএস