মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাকে ভারত থেকে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করা হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে দেশে ফেরানোর ক্ষেত্রে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। ভারত থেকে তাকে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে প্রস্তাবিত ত্রিপক্ষীয় করিডোরের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রস্তাবিত এই করিডোর নিয়ে বাংলাদেশ কোনো ধরনের ভূরাজনৈতিক উদ্বেগ দেখছে না। এটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে এ উদ্যোগে যুক্ত হতে বাংলাদেশের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এ ক্ষেত্রে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান জরুরি।
চীনা প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, লিউ হাইশিংয়ের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে।
কেকে/সাশ