সাতক্ষীরার কলারোয়া উপজেলায় রাতের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে একটি পরিবারের সদস্যদের অচেতন করে ১৮ ভরি স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসুস্থ গৃহকর্তা ও তার ছেলে সবুজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই খাবার খাওয়ার পর পরিবারের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে ১৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে সাতক্ষীরা ব্লিস হাসপাতালে নেওয়া হয়। সেখানে গৃহকর্তা ও তার ছেলে সবুজকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিকল্পিতভাবে খাবারে চেতনানাশক মিশিয়ে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
কেকে/ এসএমএন