বিএনপির রাজনীতিতে দীর্ঘ ৪০ বছর কাটানোর পর দলটির রাজনৈতিক ধারায় পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। বিএনপির রাজনীতির নদীতে চর পড়ে যাওয়ায় সময়ের প্রয়োজনে জামায়াতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় প্রায় এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আখতারুজ্জামান রঞ্জন বলেন, ‘আমি ৪০ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি। আমার সেই ৪০ বছরের রাজনীতিতে কোনো ভুল ছিল না। কিন্তু সেই রাজনৈতিক নদীতে আজ চর পড়ে গেছে। সময়ের প্রয়োজনে ন্যায় ও সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাজনীতি করতে আমাকে নতুন ধারায় আসতে হয়েছে। সেই বড় নদীটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।’
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা আল্লাহর কাছে পৌঁছাব, সাগরে যাব। আমাদের জয় হবেই। সত্যের জয় হবে, ইনসাফের জয় হবে।’
রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও জনসেবায় দুটি কর্মসূচির ঘোষণা দেন সাবেক এই সংসদ সদস্য। এর মধ্যে প্রথম কর্মসূচি হিসেবে কটিয়াদী বাজারের ময়লার স্তূপ পরিষ্কারের উদ্যোগ নেওয়ার কথা জানান। পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজে উপস্থিত থাকার পাশাপাশি এর প্রয়োজনীয় ব্যয়ও বহন করবেন বলে জানান তিনি।
দ্বিতীয় কর্মসূচির আওতায় একটি আরসিসি সড়কের পাশে মাটি ভরাট করে শোল্ডার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সড়কটির কয়েকশ মিটার অংশে প্রায় ১০ ইঞ্চি উঁচু করে আরসিসি ঢালাই করা হলেও পাশে শোল্ডার না থাকায় যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাতে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে। এ ঝুঁকি কমাতে শনিবার সকাল ১০টায় গুদাম সাহেবের নেতৃত্বে মাটি ভরাটের কাজ শুরু হবে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শফিকুল ইসলাম মোড়লসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ অক্টোবর মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লাগেজ ও ট্রলির সংকট এবং জমজমের পানি পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে বিমানবন্দর কর্মকর্তাদের বাগবিতাণ্ডা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই রাতেই আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অধস্তন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। গত রোববার শুনানি শেষে হাইকোর্ট রুল জারির পাশাপাশি তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
কেকে/ এসএমএন