কিশোরগঞ্জের কুলিয়ারচরে দীর্ঘ ৫০ বছর ধরে ব্যবহৃত একটি গ্রামীণ চলাচলের রাস্তার মাঝখানে গাছের খুঁটি পুঁতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এতে বিকল্প যাতায়াতের পথ না থাকায় কয়েকটি পরিবারসহ আশপাশের ৪-৫টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে তিনটি লেয়ার মুরগির খামারে খাদ্য ও প্রয়োজনীয় মালামাল পরিবহন নিয়ে বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী ইজাজুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আগরপুর পূর্বপাড়া গ্রামের ব্র্যাক অফিসের দক্ষিণ দিকের একটি পুরোনো কাঁচা রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে ৪-৫টি গ্রামের মানুষ চলাচল করে আসছেন। গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আসিফ মিয়া (৫৫) রাস্তার মাঝখানে পাঁচটি গাছের খুঁটি পুঁতে চলাচলের পথ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প কোনো পথ না থাকায় কয়েকটি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে ইজাজুল হকের তিনটি লেয়ার মুরগির খামারে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আনা-নেওয়া ব্যাহত হচ্ছে। এতে খামার পরিচালনাসহ স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। দ্রুত সরেজমিন তদন্ত করে রাস্তার ওপর পুঁতে রাখা খুঁটি অপসারণ এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ইজাজুল হকের প্রবাসফেরত বাবা মো. জালাল উদ্দিন (৬৩) জানান, রাস্তার সুবিধা বিবেচনা করেই তিনি তার শ্বশুরবাড়ির এলাকা আগরপুর পূর্বপাড়ায় জমি কিনে বাড়িঘর নির্মাণ করেন। ছয় বছর মালয়েশিয়া ও প্রায় ২০ বছর সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে দুই বছর আগে সেখানে তিনটি লেয়ার মুরগির খামার গড়ে তোলেন।
তিনি দাবি করেন, তার কেনা জমি ও আসিফ মিয়ার জমির ওপর দিয়ে প্রায় ৫০ বছর আগে স্থানীয়দের চলাচলের জন্য রাস্তাটি তৈরি করা হয়। এত বছর ধরে এ রাস্তা নিয়ে কোনো বিরোধ বা অভিযোগ ছিল না। হঠাৎ কোনো বিরোধ ছাড়াই রাস্তার ওপর পাঁচটি গাছের খুঁটি পুঁতে চলাচল বন্ধ করে দেওয়ায় তারা চরম সমস্যায় পড়েছেন। দ্রুত খুঁটিগুলো সরিয়ে চলাচলের পথ উন্মুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অভিযোগের বিষয়ে মো. আসিফ মিয়া বলেন, ‘আমাদের জায়গায় আমি খুঁটি পুঁতেছি। এ বিষয়ে লোকজন নিয়ে বসার কী আছে?’
এদিকে, ভুক্তভোগী ইজাজুল হকের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
কেকে/ এসএমএন