পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে গেলে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে তারা দেখতে পান, কার্যালয়ের ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, ৪০টি চেয়ার, দুই ডজন কাপ-পিরিচ, একটি আকাশ ডিশ সংযোগের সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র খোয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে চরবোরহান ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে আয়োজিত পথসভা থেকে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল গাজী জানান, মাগরিবের নামাজের পর তিনি ফোনে কার্যালয়ের তালা ভেঙে টেলিভিশন, কাপ-পিরিচ, চেয়ার, আকাশ ডিশ সংযোগের সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির খবর পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভেতরে কোনো মালামাল দেখতে পাননি। তাঁর দাবি, ঘটনাটি পরিকল্পিত এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।
চরবোরহান ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনূস হাওলাদার ও সাধারণ সম্পাদক সুমন হাওলাদার বলেন, অস্থায়ী কার্যালয়ে ঢুকে অর্ধলক্ষ টাকার মালামাল চুরির ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। তারা বিষয়টি উপজেলা বিএনপির সভাপতিকে জানিয়েছেন এবং এ ঘটনায় আইনের আশ্রয় নেবেন।
উপজেলা বিএনপির সভাপতি মো. ছিদ্দিক মোল্লা বলেন, তাকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে। নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘটনাটি দেখেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এমএস