জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারীতে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
শনিবার (৭ নভেম্বর) জেলা শহরের পৌর বাজার এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ প্রচার করা হয়।
পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরে সিপাহি-জনতা তাকে বরণ করে নেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ৭ নভেম্বরের চেতনায় দলকে সুসংগঠিত করে দেশের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
কেকে/ এসএমএন