চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব ক্রিমের ওজন ৪০ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব প্রসাধনী আটক করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসেন মোহাম্মদ জাহেদ। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস ‘Fresh & White Beauty Cream’ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষের বরাত দিয়ে আল-আমিন শেখ জানান, আটক প্রসাধনীগুলো আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন করে দেশে আনা হয়েছে। এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অবৈধ আমদানি ও বাজারজাতকরণ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দারা জানান, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ প্রসাধনীসহ নিষিদ্ধ পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ এসএমএন