রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
বিনোদন
অশালীন বক্তব্য-অঙ্গভঙ্গিসহ বিভিন্ন অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:০২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাংবাদিককে হেনস্তা, হত্যার হুমকি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অশালীন বক্তব্য, হুমকি, অশালীন অভিনয় ও অঙ্গভঙ্গি এবং শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই—এমন অশালীন নৃত্য বা দৃশ্য ধারণ ও প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সাত দিনের মধ্যে শোকজ নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে নোটিশে।

নোটিশে বলা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকেরা তার ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে পরীমনির নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়।

নোটিশের অভিযোগ অনুযায়ী, ওই সময় পরীমনি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন। তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা ভিডিও ধারণের কাজে ব্যবহৃত একটি ট্রাইপড ভেঙে ফেলেন। এ ঘটনায় জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান, মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার, আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন এবং টাইমস টুডের শাহ রিয়াজ আহত হন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বিচারপ্রার্থী সুজন চন্দ্র মণি দাসও আহত হন বলে নোটিশে দাবি করা হয়েছে। তার মাথা ফেটে রক্ত বের হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালত থেকে বের হওয়ার পর পরীমনি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের দিকে তেড়ে যান এবং তাকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দেন বলেও নোটিশে দাবি করা হয়েছে। এ ঘটনার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলে উল্লেখ করেছেন আইনজীবী।

আইনজীবীর মতে, একজন পেশাগত সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ তার পেশাগত মর্যাদার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্ব পালনের পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।

নোটিশে পরীমনির ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৬ নভেম্বর জাতীয় সংগীত ব্যবহার করে দেওয়া একটি পোস্টের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। 

আইনজীবীর অভিযোগ, পোস্টটির সঙ্গে ব্যবহৃত বক্তব্য জাতীয় সংগীতের প্রতি অবমাননাকর। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পরীমনির আচরণ, কথাবার্তা ও কর্মকাণ্ড অনেকেই অনুসরণ করেন। তাই তার আচরণ শিশু-কিশোর ও তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন আইনজীবী।

জাতীয় সংগীত অবমাননার অভিযোগের পক্ষে নোটিশে সংবিধানের ৪(১) অনুচ্ছেদ এবং ‘দ্য বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার, ১৯৭২’-এর বিধান উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দণ্ডবিধির ৫০৩, ৫০৪, ৫০৬, ৪৯৯ ও ৫০০ ধারার কথাও তুলে ধরা হয়েছে। এসব আইনের আওতায় অপরাধ প্রমাণিত হলে কী ধরনের শাস্তির বিধান রয়েছে, তা নোটিশে ব্যাখ্যা করেছেন আইনজীবী।

নোটিশে আরও বলা হয়েছে, পরীমনির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এখন পর্যন্ত কোনো সাংগঠনিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। এতে সংগঠনটির ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পরীমনি   আইনি নোটিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close