সব ধরনের সুবিধা নিয়ে ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করেছে ‘মোবাইল ওয়ার্ল্ড’ নামের আধুনিক মোবাইল মার্কেট। বিশ্ব সেরা সব মোবাইল কিনতে এখন থেকে ময়মনসিংহ অঞ্চলের কাউকে আর ঢাকায় যেতে হবে না। শতভাগ নিশ্চয়তায় নিজ শহরেই গ্রাহকরা পাবেন সেরা সব হ্যান্ডসেট।
শনিবার (৭ মার্চ) নগরীর প্রাণকেন্দ্র ৬ রামবাবু রোডের এস. এস. নর্থ ভ্যালী সেন্টারে উদ্বোধন করা হয়েছে কাঙ্ক্ষিত ‘মোবাইল ওয়ার্ল্ড’।
ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের পরই ময়মনসিংহের এ মোবাইল মার্কেটের অবস্থান হবে বলে অনেকেই মত প্রকাশ করেছেন। উদ্বোধনের সময় রাজনৈতিক ও ব্যবসায়ীক নেতা, জনপ্রতিনিধি, সুধীজন এবং সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মার্কেট কর্তৃপক্ষ জানায়—উদ্বোধন হওয়া মার্কেটে আইফোন, মটোরোলা, স্যামসাং, ওয়ানপ্লাস, নোকিয়া, অনার, এইচটিসি, ভিভো, অপ্পো, শাওমি, রিয়েলমি, টেকনো, ইনফিনিক্স, আইটেল ও সিম্ফনি ব্রান্ডের সব ধরনের হ্যান্ডসেট এবং বিশ্ব বিখ্যাত সব কোম্পানির মোবাইল এক্সেসরিজ পাওয়া যাচ্ছে। এখান থেকে ক্রেতারা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মূল্যে হ্যান্ডসেট কিনতে পারবেন। যেকোনো ব্যাংকের ভ্যালিড ক্রেডিট কার্ড দিয়ে সর্বোচ্চ মেয়াদে ইএমআই এবং নিজের ও পরিবারের কোনো সদস্যের জাতীয় পরিচয়পত্র দিয়েও কিস্তিতে পছন্দের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে।
উদ্বোধন হওয়া ‘মোবাইল ওয়ার্ল্ড’ -এ ২৯টি দোকান রয়েছে। এর মধ্যে হ্যান্ডসেট বিক্রির জন্য ১৯টি ও মোবাইল এক্সেসরিজ বিক্রির জন্য ১০টি দোকান আছে। উদ্বোধনের প্রথম দিন বেশ সাড়া পাওয়া গেছে বলে উদ্যোক্তাদের কয়েকজন দৈনিক খোলা কাগজকে জানিয়েছেন। ময়মনসিংহ অঞ্চলের সর্বত্র আধুনিক এ মোবাইল মার্কেটের খবর ছড়িয়ে পড়লে ক্রেতা সমাগম বাড়বে বলেও তারা জানান। এক ছাদের নিচে একসঙ্গে এতগুলো দোকান থাকার কারণে ক্রেতারা যাচাই-বাছাই করে তাদের কাঙ্ক্ষিত হ্যান্ডসেট কিনতে পারবেন।
ময়মনসিংহের অন্যতম মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী গ্লোবাল মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক এ. এন. এ. এম. সালেহ রাজু খোলা কাগজকে বলেন, “সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য আমরা নতুন এ মোবাইল মার্কেট চালু করেছি। গ্রাহকদের জন্য সব ধরনের সুবিধা রাখা হয়েছে। ‘মোবাইল ওয়ার্ল্ড’ থেকে কেনাকাটা করে সময়ের পাশাপাশি গ্রাহকরা টাকা সাশ্রয় করতে পারবেন।”
তিনি আরও বলেন, “ইএমআই ও কিস্তির পাশাপাশি গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব পুরষ্কারের ব্যবস্থা রয়েছে।”
‘মোবাইল ওয়ার্ল্ড’ থেকে কাঙ্ক্ষিত হ্যান্ডসেট কিনতে আসা নগরীর অন্যতম কনটেন্ট ক্রিয়েটর মতিউন নাহার মুক্তি বলেন, “৩-৪ টা দোকান ঘুরে যাচাই-বাছাই করে পছন্দের স্মার্ট ফোনটি কিনেছি। এতে আমার সময় বাঁচার পাশাপাশি কিছু টাকা সাশ্রয় হয়েছে।”
এই কনটেন্ট ক্রিয়েটর আরও বলেন, “একই ছাদের নিচে এক সঙ্গে এতগুলো দোকান থাকার কারণে সবাই যাচাই করে ক্রেতারা পছন্দের হ্যান্ডসেট কিনতে পারবেন।”
নগরীর দুর্গাবাড়ি রোডের স্মার্ট গেজেট এক্সপার্টের জীবন সাহা বলেন, “ঢাকার বাইরে এ ধরনের মোবাইল মার্কেট প্রশংসার দাবি রাখে। এ অঞ্চলের ৫০ ভাগ মানুষ সময় নষ্ট এবং দুর্বিষহ যানজট উপেক্ষা করে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কে গিয়ে তাদের পছন্দের হ্যান্ডসেট কিনতেন। এখন থেকে ময়মনসিংহ অঞ্চলের ক্রেতারা স্বাচ্ছন্দ্যে পছন্দের হ্যান্ডসেট কিনতে পারবেন।”
কেকে/এজে