‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬’ পালিত হয়েছে।
সোমবার ( ৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দশমিনার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, গাছের চারা ও পুরস্কার বিতরণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পটুয়াখালী-৩ আসনের সাংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সম্পদ এসএম আরিফুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম শাহিন, দশমিনা প্রেস ক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন, ঢাকা দক্ষিণ মহানগর গণধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা গণধিকার পরিষদের সভাপতি মো. আলতাফ আকন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পল্লী উন্নয়ন ও সমবায় কার্যক্রম জোরদার করে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। আধুনিক কৃষি, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।’
কেকে/এমএ