মৌলভীবাজার সদর উপজেলায় একটি বসতবাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। তিনি একজন শুটকি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি মরদেহ রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। গভীর রাতে বিষয়টি জানতে পেরে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।
কেকে/ এমএস