আগামী সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বরিশাল জেলার পাশাপাশি গৌরনদী উপজেলায় ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা দেখা দিয়েছে। সফরের অংশ হিসেবে তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে কর্মসূচিতে অংশ নেবেন।
ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এবং স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন। প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
প্রায় দুই দশক (২০ বছর) পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই গৌরনদী তথা বরিশাল সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এর আগে সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে তিনি বরিশালে সাংগঠনিক সফরে এসেছিলেন। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনি জনসভায় বরিশাল নগরীতে এলেও ২০ বছর পর এবারই প্রথম তিনি গৌরনদী উপজেলায় পা রাখছেন।
প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাটাজোর ইউনিয়নের নব-খননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচির স্থান ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ঢাকার নিজ বাসা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় তিনি গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নব-খননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর গৌরনদী সফর ও বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে স্থানীয় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড ও তদারকি চালিয়ে যাচ্ছেন। বাটাজোরের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরবর্তী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গৌরনদীবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সফরটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কেকে/এমএ