সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম: জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ফ্রান্স, প্রচণ্ড বাকযুদ্ধ      বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা ফ্লাইট ফের শুরু      পাউরুটিতে ক্যানসারের উপাদান ‘পটাশিয়াম ব্রোমেট’ ব্যবহার বন্ধে রিট      চট্টগ্রামে চাঁদা না পেয়ে আরেক ব্যবসায়ীর ভবনে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণ      হামে আরও চার শিশুর মৃত্যু      গুলশানের বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন      বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন      
খোলাকাগজ স্পেশাল
ফিরে দেখা জুলাই : তিন দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৫৫ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

২৭ জুলাই ২০২৪। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নেয়। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের পাঁচজনকে ডিবির হেফাজতে নেওয়া হয়। 

শনিবার ডিবির অতিরিক্ত উপ-কমিশনার জুনায়েদ আলম সরকার জানান, ‘গত কয়েক দিনে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানতে ও তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।’

এর আগে ২৬ জুলাই শুক্রবার বিকালে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নেওয়া হয়। 

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

শনিবার রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন তিন দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। এসব দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান তারা। 

শিক্ষার্থীদের তিন দফা ছিল রোববারের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ আটক সব শিক্ষার্থীর মুক্তি, মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সঙ্গে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে কয়েকজন সমন্বয়ক জানান, পুলিশের ধরপাকড়সহ নানা কারণে সব সমন্বয়কের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না। যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছেন না।

আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার। কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এ সংকটের সমাধান করা। কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি।’

সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত তিন হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই তিন দফা না মানা হলে পরশুদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রোববার থেকে সারা দেশে অনলাইন ও অফলাইন ব্যবহার করে প্রচারণা কার্যক্রম চালাবে। একইসঙ্গে বিভিন্ন দূতাবাসে দলিল পেশ করার পাশাপাশি সারা দেশে দেওয়াল লিখন কার্যক্রম চালানোর ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলন থেকে সাম্প্রতিক কোটা আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতায় ২৬৬ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এ ছাড়া ছাত্রদের নামে করা মামলাগুলোকে মিথ্যা বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া সোমবার থেকে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগরকেন্দ্রিক ‘হেলথ ফোর্স’ গঠন করে আহত-নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত-নিহত ছাত্র-নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা এবং ‘লিগ্যাল ফোর্স’ গঠন করে সারা দেশে শিক্ষার্থীদের নামে মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করারও ঘোষণা দেওয়া হয়।

এদিকে ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের খোঁজ নিতে শনিবার বিকালে ডিবি কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ সদস্যের প্রতিনিধি দল। তারা সেখানে ১৫-২০ মিনিট অপেক্ষা করলেও ডিবি প্রধান শিক্ষকদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান।

বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

ভারতের দ্য হিন্দু পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব। কারণ, রাষ্ট্রের মালিক জনগণ, সরকারে থাকা কিছু মানুষের জন্য নয়।’ এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানান। 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত শুক্রবার গভীর রাতে হাতিরঝিলের বাসা থেকে আটক করা হয় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে।

শনিবার রাত পর্যন্ত কোটা আন্দোলনের সময় সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে ৭৩৬টি’র বেশি মামলা হয়। শুধু রাজধানী ঢাকাতেই মামলা হয় ২০৭টি। ঢাকাতে গ্রেপ্তার হয় ২ হাজার ৫৩৬ জন। এর বাইরে র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেপ্তার হয় ৭১ জন। সব মিলিয়ে সারা দেশে গ্রেপ্তার ৭ হাজার ছাড়ায়। ঢাকাসহ সারা দেশের যেসব মামলা হয় তার বেশিরভাগ মামলার বাদী পুলিশ।

সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৮ জুলাই রোববার থেকে ৩০ জুলাই মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়।  

অন্যদিকে সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ। তারা সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের যেন হয়রানি করা না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানায়। 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েক দিনের সংঘাতে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় ঢাকায় অবস্থিত ১৪টি মিশন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছে লেখা এক যৌথ চিঠিতে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহতের কথা জানায়। পররাষ্ট্রমন্ত্রীর কাছে যৌথ চিঠিটি পাঠায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস।

দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘটিত সহিংসতা ও বর্তমান ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ জানায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ককে লেখা এক চিঠিতে এ উদ্বেগ জানান তারা। সেই সঙ্গে তারা এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ১৪০ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এ চিঠিতে স্বাক্ষর করেন।
এ ছাড়া এদিন কোটা সংস্কার আন্দোলনে হতাহতের দায় নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ ছয় দফা দাবি জানায় বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়ার ঘটনাকে ‘নজিরবিহীন ন্যক্কারজনক ঘটনা’ বলে আখ্যা দিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি জানায় বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ। 

এ ছাড়াও সিপিবির নারী সেল ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং বামপন্থি সাতটি ছাত্রসংগঠন মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট একই দাবি জানায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কোটা সংস্কার আন্দোলন   ডিবি হেফাজত   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন   শিক্ষার্থী আন্দোলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close