মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ‘আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ওয়ালী সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি মিছবাউর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মতিন চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, মৌলভীবাজার-এর আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন আহমেদ, আহ্বায়ক, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা।
মতবিনিময় সভায় জেলার সাত উপজেলা থেকে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
সভার মূল উদ্দেশ্য ছিল জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা আরও জোরদার করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তাসংক্রান্ত বিষয়ে জনমত গ্রহণ এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করে তোলা।
উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল ও প্রতিরোধ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও গঠনমূলক সুপারিশ তুলে ধরেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
কেকে/এলএ