নারায়ণগঞ্জ সদর থানার দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি উপস্থিত হন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দীর্ঘদিন কারাবন্দি থাকা, শারীরিক অসুস্থতা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আসামির পরিবর্তে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরার আবেদন করা হয়।
তিনি বলেন, শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। ফলে চার্জশিট দাখিল এবং মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর না হওয়া পর্যন্ত আসামির পরিবর্তে তার আইনজীবী আদালতে হাজিরা দিতে পারবেন। তবে বিচার কার্যক্রম শুরু হলে এবং সাক্ষ্যগ্রহণের সময় আইভীকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে।
আওলাদ হোসেন আরও বলেন, নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা এ মামলাটি সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, যেখানে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে তার বাসা থেকে গ্রেপ্তারের পর তার গাড়িতে হামলার ঘটনায় তাকে আসামি করা হয়।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি নির্দোষ হয়েও অপরাধী। আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমিই কি অপরাধী? যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন—তারা দেখবেন।’
কেকে/ এমএস