শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: গ্যাস-বিদ্যুতে অচলাবস্থা      আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী      অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর      ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প      তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট      আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান      
দেশজুড়ে
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কাপাসিয়ায় সড়কজুড়ে সাজসজ্জা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৩৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট (রোববার) কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় শুরু হয়েছে সড়ক পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের ব্যাপক কর্মযজ্ঞ।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চলাচলের পথ হিসেবে বিবেচিত রাজেন্দ্রপুর–কাপাসিয়া–টোক থানার ঘাট সড়কের বিভিন্ন অংশে আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার, খানাখন্দ ভরাট, ব্রিজ-কালভার্টে রং এবং সড়কসংশ্লিষ্ট স্থাপনা পরিচ্ছন্নতার কাজ চলছে।

শুক্রবার (১৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, রাজেন্দ্রপুর থেকে কাপাসিয়া হয়ে টোক থানার ঘাট পর্যন্ত সড়কের দুই পাশে শ্রমিকরা আগাছা ও ময়লা-আবর্জনা অপসারণ করছেন। দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য পরিষ্কারের পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে থাকা ছোট-বড় খানাখন্দ মাটি ও অন্যান্য উপকরণ দিয়ে ভরাট করা হয়েছে।

সড়কের বিভিন্ন ব্রিজ ও কালভার্টেও চলছে রং করার কাজ। পুরোনো রং উঠে যাওয়া অংশে নতুন রং দেওয়া হচ্ছে। একই সঙ্গে সড়কের পাশে থাকা বিভিন্ন স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অল্প সময়ের ব্যবধানেই গুরুত্বপূর্ণ এ সড়কের চেহারায় পরিবর্তন এসেছে।

কাপাসিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা ফকির মজনু শাহ সেতুতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। দীর্ঘদিন অচল থাকা সেতুর বাতিগুলো সচল করা হয়েছে। রাতের বেলায় সেতু ও আশপাশের এলাকা আলোকিত রাখতে বাতিগুলো পরীক্ষা ও মেরামত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সেতুর অনেক বাতি অচল থাকায় রাতে সেতু এলাকায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করত। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাতিগুলো সচল হওয়ায় এখন রাতে সেতুটিও আলোকিত হয়ে উঠেছে।

বীর উজলী বাজারের বাসিন্দা আফসার উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে হলেও রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে, খানাখন্দ ভরাট হচ্ছে, ব্রিজে রং হচ্ছে—এটি ভালো উদ্যোগ। তবে এমন কাজ নিয়মিত করা হলে সড়কের অবস্থা আরও ভালো থাকত।”

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর শেষ হওয়ার পরও এসব কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের মতে, শুধু ভিআইপি সফরকে কেন্দ্র করে নয়, সারা বছর সড়কের দুই পাশ পরিষ্কার রাখা, আগাছা অপসারণ, খানাখন্দ মেরামত এবং সড়কসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, “সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। রাজেন্দ্রপুর থেকে টোক থানার ঘাট পর্যন্ত বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় কাজ করা হয়েছে। ফকির মজনু শাহ সেতুর বাতিও সচল করা হয়েছে।”

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কাপাসিয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যেও চলছে ব্যাপক প্রস্তুতি। টোক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বুলবুল বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কাপাসিয়ার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।

কাপাসিয়া উপজেলা জাতীয়তাবাদী দলের সদস্যসচিব খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে কাপাসিয়া বাসস্ট্যান্ড থেকে থানার ঘাট পর্যন্ত পুরো সড়কজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যাবে। তাঁকে স্বাগত জানাতে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি।”

আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরে যাবেন। সফরকালে তিনি কটিয়াদীতে জাতীয় ‘মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন করবেন। এ সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জসহ আশপাশের জেলার সড়ক ব্যবস্থাপনা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে।

কিশোরগঞ্জের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি রাজেন্দ্রপুর–কাপাসিয়া–টোক থানার ঘাট সড়ক। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কয়েক দিনের মধ্যে এ সড়কে ব্যাপক পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। অনেকের মতে, গুরুত্বপূর্ণ ব্যক্তির সফর উপলক্ষে হলেও দীর্ঘদিনের সড়ক-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে নেওয়া উদ্যোগ ইতিবাচক।

তবে স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন এসব তৎপরতাও থেমে না যায়। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ শুধু প্রধানমন্ত্রীর সফর নয়, দীর্ঘমেয়াদে কাপাসিয়ার সাধারণ মানুষের চলাচলেও স্বস্তি বয়ে আনবে।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রীর সফর   কাপাসিয়া   সাজসজ্জা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close