শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: রামিসা হত্যা মামলার শুনানি হাইকোর্টে রোববার      তারেকের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ      গ্যাস-বিদ্যুতে অচলাবস্থা      আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী      অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর      ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প      তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল টি এস্টেটে দেখা মিলেছে বিরল এক ক্যাকটাসের। কাঁটায় ভরা সেরিয়াস গোত্রের এই কলামার ক্যাকটাসের সবুজ কাণ্ডের বিভিন্ন অংশে ফুটেছে সবুজ-হলুদ ফুল। ব্যতিক্রমী এই ফুল স্থানীয়দের পাশাপাশি উদ্ভিদপ্রেমীদেরও কৌতূহলী করে তুলেছে।

ক্যাকটাস নানা বর্ণ ও বৈচিত্র্যের হয়ে থাকে। কোনো প্রজাতিতে কাঁটা কম, আবার কোনোটি কাঁটায় ভরা। সেরিয়াস গোত্রের কলামার ক্যাকটাস খাড়া, স্তম্ভাকার ও মাংসল কাণ্ডের উদ্ভিদ। এর কাণ্ড গাঢ় সবুজ বা নীলচে-সবুজ এবং পুরু কাণ্ডে থাকে স্বতন্ত্র পাঁজর, খাঁজ ও কাঁটা। দক্ষিণ আমেরিকার এই ক্যাকটাস মূলত রাতে বড়, সুগন্ধযুক্ত ও আকর্ষণীয় ফুল ফোটানোর জন্য পরিচিত।

সূর্যাস্তের পর ফুলটি ফুটতে শুরু করে এবং সকালে তা শুকিয়ে যেতে পারে। ফলে পূর্ণ প্রস্ফুটিত ফুল দেখতে হলে রাতেই গাছটি দেখতে হয়।

বিদ্যাবিল চা বাগান কর্তৃপক্ষ জানায়, ক্যাকটাসটি কবে বা কে রোপণ করেছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। কয়েক বছর আগে এটি রোপণ করা হয়ে থাকতে পারে অথবা উদ্যানপালনের মাধ্যমে বাগানে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীমঙ্গল সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জীবন চন্দ্র দেবনাথ বলেন, “বিদ্যাবিলের উদ্ভিদটি সেরিয়াস গোত্রের কলামার ক্যাকটাস। এর পুরু ও খাড়া কাণ্ডে স্বতন্ত্র পাঁজর এবং অসংখ্য কাঁটা রয়েছে। এ ধরনের ক্যাকটাস রাতের বেলায় ফুল ফোটানোর জন্য পরিচিত। সূর্যাস্তের পর ফুল খুলতে শুরু করে এবং পরদিন সকালেই শুকিয়ে যেতে পারে। তাই পূর্ণ প্রস্ফুটিত ফুল দেখতে রাতে গাছটি দেখতে হবে।”

উপজেলা কৃষি বিভাগ জানায়, দেশে বিক্ষিপ্তভাবে বিভিন্ন পাহাড়-জঙ্গল, পার্ক ও বাগানে নানা প্রজাতির ক্যাকটাস দেখা যায়। ক্যাকটাস সাধারণত সবুজ ও মাংসল কাণ্ডের উদ্ভিদ। পানি স্বল্পতার পরিবেশে টিকে থাকার জন্য অনেক প্রজাতি তাদের কাণ্ডে পানি সঞ্চয় করে রাখে। কাণ্ডই পাতার মতো সালোকসংশ্লেষণের কাজ করে। কাণ্ডের কাঁটার পাশাপাশি রেশমের মতো মসৃণ রোমও থাকে, যাকে অরিয়ল বলা হয়। কিছু ক্যাকটাসের ভেষজ গুণ, জলশোধন এবং পোকা তাড়ানোর ক্ষমতাও রয়েছে।

ইতিহাসবিদদের মতে, প্রায় দুইশ বছর আগে পর্তুগিজদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ক্যাকটাস আসে। বিজ্ঞানীরা প্রায় এক হাজার ৮০০ প্রজাতির ক্যাকটাসকে পেরিসকিওয়াডি, ওপানসিওয়াডি ও সেরেওয়াডি—এই তিন ভাগে শ্রেণিবদ্ধ করেছেন। ফনিমনসা ওপানসিওয়াডি গোত্রের এবং নাইট কুইন সেরেওয়াডি গোত্রের পরিচিত ফুল। এ গোত্রের ক্যারনেজিয়া জাইগেনশিয়া প্রায় ৬০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর গোল্ডেন ব্যারেল বড় গোলাকৃতি ক্যাকটাস হিসেবে পরিচিত।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন দৈনিক খোলা কাগজকে বলেন, “অনেকেই ভাবেন ক্যাকটাস মানেই কাঁটায় ভরা গাছ। কিন্তু এমন অনেক ক্যাকটাস রয়েছে, যেগুলো কাঁটার পাশাপাশি মনোমুগ্ধকর ফুলও ধরে। বিশ্বে প্রায় এক হাজার ৮০০ এবং বাংলাদেশে প্রায় ৪৬ প্রজাতির ক্যাকটাস রয়েছে। ড্রাগন ফলও ক্যাকটাস পরিবারের। ক্যাকটাসের পরিবেশগত ও ঔষধি গুণও রয়েছে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   ক্যাকটাস   উদ্ভিদপ্রেমী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close