গাজীপুরের শ্রীপুর উপজেলার গভীর জঙ্গলের ভেতর থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে কোনো চক্র।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় এসব দেহাবশেষ পাওয়া যায়।
স্থানীয় কয়েকজন ঘাস কাটতে গিয়ে প্রথমে জঙ্গলের ভেতর ঘোড়ার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।
স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, “জঙ্গলের ভেতর ঘোড়ার মাথা, চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখে এক ব্যক্তি স্থানীয়দের খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে এসব দেহাবশেষ দেখতে পান।”
আরেক বাসিন্দা মোস্তফা বলেন, “কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়ক থেকে একটি পায়ে হাঁটা পথ জঙ্গলের ভেতরে চলে গেছে। ওই পথের দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে ঘোড়ার বিভিন্ন অঙ্গ পড়ে ছিল। দেখে মনে হয়েছে, সেখানে ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে।”
গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন প্রধান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাথাসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পড়ে থাকতে দেখেছেন। বিষয়টি থানায় জানানো হয়েছে।”
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, “ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফেলে যাওয়া দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
কেকে/সাশ