সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তারেক রহমানকে ঘিরে রাজশাহীতে উৎসবের আমেজ, উন্নয়ন নিয়ে যত প্রত্যাশা      ● ডেঙ্গু কেড়ে নিল আরও চার প্রাণ      ● সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন, প্রজ্ঞাপন জারি      ● প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন      ● আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু      ● ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       ● গণবিক্ষোভে অস্থির ফ্রান্স, গ্রেপ্তার ২৪০০—ম্যাক্রোঁর কঠোর বার্তা      
দেশজুড়ে
উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, হুমকির মুখে উপকূলীয় স্থাপনা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উত্তাল সাগরের ঢেউয়ের তাণ্ডবে পর্যটননগরী কুয়াকাটা সৈকতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ঝড়ো বাতাসের সঙ্গে ঢেউ আছড়ে পড়ায় সৈকতের বিভিন্ন পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে সৈকতে স্থাপিত ট্যুরিস্ট পুলিশ বক্সটি পড়েছে ঝুঁকির মুখে। পাশাপাশি সৈকতের বিভিন্ন স্থান হয়ে উঠেছে শ্রীহীন ও ঝুঁকিপূর্ণ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে সাগর উত্তাল হয়ে ওঠে। দিনভর দমকা বাতাসের সঙ্গে একের পর এক বড় ঢেউ আছড়ে পড়ে কুয়াকাটা সৈকতে। এতে নারিকেলবাগান, ঝাউবন, জাতীয় উদ্যান, এলজিইডি গেস্ট হাউস, ম্যানগ্রোভ ফরেস্ট ও আবাসিক হোটেলসহ সৈকতের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝুঁকিতে রয়েছে সাগরপাড়ে থাকা মসজিদ, মন্দির, আবাসিক হোটেল, খাবারের রেস্তোরাঁ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেড়িবাঁধের বাইরে থাকা বিভিন্ন স্থাপনা। ভাঙন ঠেকাতে আগে স্থাপন করা জিওব্যাগের অনেকগুলো প্রবল ঢেউয়ের আঘাতে সরে গিয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। কোথাও কোথাও জিওব্যাগ সরে যাওয়ায় সৈকতের ভাঙন আরও দৃশ্যমান হয়ে উঠেছে।

সী-বিচ ফটোগ্রাফার পরিচালক রেদওয়ানুল ইসলাম রাসেল বলেন, ‘প্রতিদিন অসংখ্য পর্যটক কুয়াকাটা সৈকতে ঘুরতে আসেন। কিন্তু জিওব্যাগ ও ভাঙনপ্রবণ এলাকায় চলাচলের কারণে পর্যটকদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কোথাও কোথাও জিওব্যাগের স্তূপ ও ভাঙনের কারণে সৈকতের স্বাভাবিক সৌন্দর্যও নষ্ট হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সৈকতের চা দোকানি স্বপন বলেন, ‘সৈকতে থাকা ট্যুরিস্ট পুলিশ বক্সটিও এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ঢেউয়ের তীব্রতা অব্যাহত থাকলে বক্সটি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।’

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন বলেন, ‘বর্তমানে সাগর অনেকটা উত্তাল। ঢেউয়ের আঘাতে সৈকতের কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে এবং ট্যুরিস্ট পুলিশ বক্সটিও ঝুঁকির মধ্যে রয়েছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘কুয়াকাটা সৈকত রক্ষায় স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণ জরুরি। শুধু জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সৈকত রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।’

কলাপাড়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘কুয়াকাটা সৈকত রক্ষায় টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রায় ৭৫৯ কোটি টাকার একটি প্রকল্প ২০২৪ সালে প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে বিভিন্ন কারণে অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে। এ কারণে সৈকতের ভাঙন রোধে বিকল্প আরেকটি প্রস্তাবও প্রস্তুত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন ও ব্লক সরে যাওয়ার বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।’

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, ‘সৈকত ভাঙনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

এ দিকে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে পর্যটকদের সতর্কতার সঙ্গে সৈকতে চলাচলের পরামর্শ দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। 

সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া না হলে কুয়াকাটা সৈকতের ভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কুয়াকাটা   সৈকত   উপকূলীয়   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close